
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি দল নিয়ামতপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নিয়ামতপুর থানার শিবপুর দিঘীপাড়া এলাকায় এরশাদ মেম্বারের বাড়ির আশপাশে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ডিবির অভিযানিক দল এরশাদ মেম্বারের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালান।
তল্লাশিকালে সোহেল রানা (২৯)-এর হাতে থাকা হলুদ রঙের একটি শপিং ব্যাগ থেকে প্রতি পাতায় ১০টি করে মোট ২০ পাতায় থাকা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল রানা নিয়ামতপুর উপজেলার শিবপুর দিঘীপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এ সময় তার সহযোগী হিসেবে শ্রী সুদান বর্মন (২৯)-কেও গ্রেফতার করা হয়। তিনি একই উপজেলার শিবপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী উপেন বর্মনের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় এর আগেও একটি মাদক মামলা, ডাকাতির প্রস্তুতির একটি মামলা এবং একটি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন