
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) দেশের প্রথম মাল্টি-ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন ।
গতকাল বুধবার (১৭ জুন) ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো একটি অভিনব মডেলের বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে যুক্ত হতে পেরে তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাজধানীকেন্দ্রিক এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ২০২৬ সালের ১০ এপ্রিল প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন অনুযায়ী রাজধানীর সাতটি সরকারি কলেজ কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়; বরং এসব কলেজের সমন্বয়েই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং ডিগ্রি প্রদানের পূর্ণ ক্ষমতা রয়েছে। ফলে এটি দেশের প্রথম মাল্টি-ক্যাম্পাস পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিকশিত হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
নবনিযুক্ত ট্রেজারার আরও বলেন, ডিসিইউর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একটি কার্যকর Academic Governance Model প্রতিষ্ঠা করা এবং সাতটি কলেজকে তাদের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় নিয়ে আসা। পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি আইনসম্মত Academic Transition Policy প্রণয়নও গুরুত্বপূর্ণ একটি কাজ হবে।
তিনি আরও বলেন, সমন্বিত পরিকল্পনা, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষা-গবেষণার মানোন্নয়নের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, গত ৬ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক।
মন্তব্য করুন