
নরসিংদীর মনোহরদীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মো. শওকত উসমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহতাবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ বিভিন্ন এনজিও এর কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা ও সেবার মান উন্নয়নে মতবিনিময় করা হয় এবং আদালতকে আরও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।
মন্তব্য করুন