
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আনা এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ৭টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মশিউর রহমান (৪০)। তিনি হাজতি বন্দি নং ২৪৬৭/২৬ হিসেবে কারাগারে ছিলেন। তার পিতা মৃত আসলাম বলে জানা গেছে।
কারারক্ষী আরমান জানান, কারাগারের ভেতরে অবস্থানকালে হঠাৎ করেই মশিউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তৃপক্ষের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে বলে জানা যায়।
বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
মন্তব্য করুন