
কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফার্মের আড়ালে গড়ে তোলা অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট ও ২ হাজার ১০০ কেজি নকল সিগারেট তৈরির তামাক জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর ফার্মে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর ফার্মের ভেতরে অবৈধভাবে পরিচালিত নকল সিগারেট তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট, ২ হাজার ১০০ কেজি তামাকসহ সিগারেট তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অবৈধ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গরুর ফার্মের মালিক হাবিব মাস্টার দাবি করেন, জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় তিনি ফার্মটি দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।
তিনি আরও দাবি করেন, এর আগেও র্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করার পর আদালতের মাধ্যমে কারখানাটি পুনরায় চালু করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, গত ৯ মে র্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই কারখানাটি ফের চালু করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, আগের অভিযানের পর কারখানাটি সিলগালা করা হলেও পরবর্তীতে মালিকপক্ষ আদালতে মামলা করে সেটি পুনরায় চালু করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন