
কুড়িগ্রাম সদর হাসপাতালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি (NCP) কুড়িগ্রাম সদর উপজেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশা-মাছির উপদ্রব কমাতে এবং হাসপাতাল চত্বরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে NCP কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক শাজাহান আলি সুমন, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন, NCP-এর মিডিয়া সেলের সদস্য আসাদুজ্জামান সরকার, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মামুন, জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পরিচ্ছন্নতা অভিযান টিমের লিডার ইয়াকুব আলী আইয়ুবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে শাজাহান আলি সুমন বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি হাসপাতাল চত্বরে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে রোগী ও স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মেরিনা পারভীন বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হাসপাতালের পরিবেশ স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এর জন্য রোগী, স্বজন, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন। হাসপাতাল চত্বরে ময়লা না ফেলার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অভিযান চলাকালে কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কার্যক্রমের খোঁজখবর নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
স্থানীয়রা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। এসব কার্যক্রম অব্যাহত থাকলে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যকর ও রোগীবান্ধব হবে বলে তারা মনে করেন।
মন্তব্য করুন