
পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকেই আবার গ্রামে ঈদ উদযাপন শেষে পরিবার নিয়েই ঢাকায় ফিরছেন। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এ সব যাত্রীর বড় একটি অংশ আবার ট্রেনকেই বেছে নেন।
সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে যাত্রীরা ঢাকায় ফিরছেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ট্রেন আসলেও সকালবেলা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল তুলনামূলকভাবে কম। জানা যায়, এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঢাকায় পৌঁছাতে পারছেন।
দেখা যায়, রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটধারী যাত্রীদেরই স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সুযোগ দিচ্ছে। ঈদযাত্রার সময় যেমন টিকিট যাচাই-বাচাই করে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। আগামী কয়েকদিন যাত্রীদের এই চাপ অব্যাহত থাকতে পারে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন