
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের ইছাপুর পশ্চিম পাড়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে অন্তত তিনটি গ্রামের মানুষ চলাচল করলেও এখন পর্যন্ত সড়কটির কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে কাদাপানির কারণে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, বাজারে যাওয়া সাধারণ পথচারী এবং রোগী বহনকারী যানবাহনকে চরম ভোগান্তির শিকার হতে হয়
এলাকাবাসী জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু বর্ষাকালেই নয়, গ্রীষ্ম মৌসুমেও এই সড়কে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তার ওপর অতিরিক্ত ধুলাবালির কারণে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হয় এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তা দিয়েই তিন গ্রামের মানুষ বাজার, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার ও স্থায়ী উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, একটি উন্নত ও চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই কমে আসবে।
মন্তব্য করুন