
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মাহাবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন। সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানা।
দিনব্যাপী এই প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে ডেইরি খাতকে লাভজনক করতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা বজায় রাখা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গাভী নির্বাচন এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই দুধের উৎপাদন আশানুরূপ বৃদ্ধি করা সম্ভব। এটি দেশের সামগ্রিক কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার খামারিরা গবাদিপশু লালন-পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হবেন এবং একটি উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।
কর্মশালায় অন্যান্য আলোচকরা ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের নিয়মিত মনিটরিং কার্যক্রমের প্রশংসা করে বলেন, এর ফলে স্থানীয় খামারিরা সহজেই আধুনিক পদ্ধতিতে গরু পালন করতে পারছেন। পরিচ্ছন্ন গোয়ালঘর, সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি নিয়মিত রোগ নির্ণয় ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করার ওপর তারা জোর দেন।
স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত এই প্রশিক্ষণটিকে অংশগ্রহণকারীরা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। খামারিরা ব্র্যাক ডেইরির এই ধরনের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন