
বগুড়ার ধুনট উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রামনারায়ণপুর ও চিকাশি ইউনিয়ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনায় দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রামনারায়ণপুর গ্রামের দুলাল শেখের স্ত্রী রাহেলা বেগম (৫৫) দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসার পরেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি ক্রমে মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির একটি কক্ষে তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দীর্ঘ রোগভোগ আর সুস্থ না হওয়ার হতাশাই তাঁকে এই পথে ঠেলে দিয়েছে বলে পরিবার মনে করছে।
একই দিনে উপজেলার চিকাশি ইউনিয়নে উদ্ধার হয় আরেকটি মরদেহ। শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামের মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম আরমান (৬৮) গত ১২ জুন নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
ছয় দিন পর বৃহস্পতিবার সকালে চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন