
খাগড়াছড়ির গুইমারায় এক বাঙালি মোটরসাইকেল চালক ও তার সহযোগীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, গুইমারা বাজারের মোটরসাইকেল চালক নুরুল হক (২৩) কে সজল মারমা নামে এক ব্যক্তি ৫০০ টাকার বিনিময়ে রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকার একটি লিচুবাগান থেকে লিচু আনার জন্য ভাড়া করেন। এসময় নুরুল হক তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে যান।
লিচুবাগানে পৌঁছানোর পর বিষয়টি সন্দেহজনক মনে হলে নুরুল হক সজল মারমার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা লিচু নিয়ে গুইমারার উদ্দেশ্যে রওনা হলে পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে ৫-৬ জনের একটি সশস্ত্র দল গাছ ফেলে তাদের পথরোধ করে।
ভুক্তভোগীদের অভিযোগ, অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে তাদের দিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য পরিচয়ে বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরে তাদের চোখ বেঁধে বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরিয়ে রাতে রামগড়ের থলিবাড়ি ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
ঘটনার খবর পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী নুরুল হক গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে এবং পেশায় মোটরসাইকেল চালক। অপরদিকে নাজমুল ইসলাম একই এলাকার নুর আলমের ছেলে।
মন্তব্য করুন