
বগুড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট ও কাবাডির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফুটবল ফাইনালে সারিয়াকান্দি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সারিয়াকান্দি উপজেলা। বালিকা বিভাগের ফুটবল ফাইনালে সোনাতলা উপজেলা ২-১ গোলে দুপচাঁচিয়া উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনালে বালক বিভাগে বগুড়া পৌরসভা ৮ উইকেটে সোনাতলা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বগুড়া সদর উপজেলা ৭ উইকেটে শিবগঞ্জ উপজেলাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
কাবাডি ফাইনালে বালক বিভাগে কাহালু উপজেলা ৩৩-০৬ পয়েন্টে বগুড়া সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে গাবতলী উপজেলা ২৮-০৫ পয়েন্টে সদর উপজেলাকে হারিয়ে বিজয়ের আনন্দে মাতেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল করিম, জেলা ম্যাজিস্ট্রেট মাসু হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন