
সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন—অন্যথায় কাফনের কাপড় পরে কঠোর আন্দোলনে নামবেন তারা।
শনিবার (৯ মে) সকাল ১১টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জানা যায়, সম্প্রতি পার্শ্ববর্তী চাটখিল উপজেলার ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবিতে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহল সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
এর ধারাবাহিকতায় নিজেকে একটি ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয়দানকারী মো. রুবেল নামের এক ব্যক্তি দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে “দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার” হুমকি দেন। হুমকির ওই অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণনাশের আশঙ্কায় সাংবাদিক হানিফ গত ২৫ এপ্রিল সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন।
এসময় সাংবাদিক খোরশেদ আলম বলেন,
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতার করা না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ আন্দোলনে নামতে বাধ্য হব।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে প্রশাসনের ধীরগতির কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
মন্তব্য করুন