
ছোটবেলায় স্বপ্ন ছিল ছবি আঁকার। ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করার। সাংবাদিক হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু জীবনের এক পর্যায়ে রং-তুলির জায়গা দখল করে নেয় সংবাদপত্রের কলম। একটি ঘটনার বিবরণ লিখতে গিয়ে তৈরি করা মাত্র এক পাতার প্রতিবেদনই বদলে দেয় তার জীবনের গতিপথ। সেই লেখা থেকেই শুরু হয় সাংবাদিকতার পথে যাত্রা। বলছি বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সাংবাদিক আতিকুর রহমান রুমনের কথা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে স্থানীয় দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ও দুপুরে মম ইন কনভেনশন সেন্টারে বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকতা জীবনের শুরুর গল্প শোনান তিনি।
আতিকুর রহমান রুমন তখন সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী। পাশাপাশি বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। একদিন কলেজে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঘটনার দিন কলেজ থেকে ফেরার পথে দৈনিক আজ ও আগামীকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর জাহিদ কামালের সঙ্গে দেখা হয় তার। তিনি সংঘর্ষের বিস্তারিত জানতে চাইলে রুমন নিজের মতো করে পুরো ঘটনা বর্ণনা করেন। তার বক্তব্য শুনে ডক্টর জাহিদ কামাল বলেন, ‘তুমি যেভাবে বললে, সেভাবে লিখে ফেলো।’
পরামর্শ পেয়ে এক পাতায় ঘটনার বিবরণ লিখে দেন রুমন। লেখা পড়ে মুগ্ধ হয়ে ডক্টর জাহিদ কামাল মন্তব্য করেন, ‘তুমি তো সাংবাদিকদের মতো লিখে ফেলেছ।’
এরপরই ঘটে জীবনের স্মরণীয় ঘটনা। পরদিন কলেজে গিয়ে সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন, দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় তার নামে সংবাদ প্রকাশিত হয়েছে। পত্রিকা হাতে নিয়ে নিজের লেখা প্রতিবেদনটি দেখে বিস্মিত ও আনন্দিত হন তিনি। ডক্টর জাহিদ কামাল তার লেখাটি নিজের নামেই প্রকাশ করেছিলেন। ঘটনার বিস্তারিত তুলে ধরতে প্রতিবেদনে আরও কিছু তথ্যও যুক্ত করা হয়েছিল।
সেই প্রথম প্রকাশিত প্রতিবেদনই তার মধ্যে সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি করে। পরবর্তী সময়ে ডক্টর জাহিদ কামাল তাকে ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়েও লেখার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত এক ঘণ্টা সাংবাদিকতার পেছনে সময় দেওয়ার উৎসাহও দেন। একপর্যায়ে পত্রিকার সহকর্মী হিসেবে কাজ করার প্রস্তাব দিলে পড়াশোনার পাশাপাশি কাজ করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন রুমন। জবাবে ডক্টর জাহিদ কামাল তাকে সাহস জুগিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি কাজ করতে অসুবিধা কোথায়?
সেই উৎসাহ থেকেই নিয়মিত সাংবাদিকতায় যুক্ত হন আতিকুর রহমান রুমন। ১৯৯৩ সালে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার পেশাদার সাংবাদিকতা শুরু হয়। পরে জাতীয় দৈনিক দিনকালে যোগ দেন। সেখানে বগুড়া ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা অফিসে নিজস্ব প্রতিবেদক, সিনিয়র প্রতিবেদক ও বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করেন।
দীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে সংবাদমাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। বর্তমানে তিনি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন নিউজপোর্টাল বিডি প্রেস ডটনেটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য, জাতীয়তাবাদী সাইবার দলের প্রধান উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যও। বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে সাংবাদিকতার প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকতা তার কাছে একধরনের নেশা। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সাংবাদিকদের অনেকেই জীবনের বড় একটি অংশ এই পেশায় উৎসর্গ করেছেন। তাদের মেধা ও যোগ্যতা ছিল বহুমুখী। চাইলেই তারা অন্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। কিন্তু সাংবাদিকতার প্রতি ভালোবাসা তাদের এই পেশার সঙ্গে যুক্ত রেখেছে। তিনিও সেই ভালোবাসা থেকে বের হতে পারেননি।
সাংবাদিকতা জীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে প্রবীণ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তাদের কাছ থেকেই কাজ শেখার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন।
বগুড়ার সংবাদপত্রশিল্প ও সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। বগুড়ায় প্রতিষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতির কথাও উল্লেখ করেন।
এ ছাড়া বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভূমিকা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রেস ক্লাব ভবন উদ্বোধনের বিষয়টিও স্মরণ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে বগুড়ার উন্নয়নে স্থানীয়দের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, জেলার মানুষের উন্নয়ন ও অধিকারসংক্রান্ত দাবিগুলো সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী বগুড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এক পাতার সেই প্রতিবেদনটি হয়তো ছিল একটি সাধারণ ঘটনার বিবরণ। কিন্তু সেটিই হয়ে ওঠে আতিকুর রহমান রুমনের সাংবাদিকতা জীবনের প্রথম সোপান। যে হাতে একসময় ছবি আঁকার স্বপ্ন ছিল, সেই হাতেই পরে উঠে আসে মানুষের কথা, সমাজের বাস্তবতা ও সময়ের ঘটনাপ্রবাহ। একজন সম্পাদকের সামান্য উৎসাহ, বিশ্বাস ও সুযোগ যে একজন তরুণের জীবনের গতিপথ বদলে দিতে পারে, তারই এক উল্লেখযোগ্য উদাহরণ আতিকুর রহমান রুমনের সাংবাদিকতা জীবনের এই গল্প।
মন্তব্য করুন