
জাতীয় সংসদে দেশের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং মাতারবাড়ী প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এসব বিষয়ে করণীয় নির্ধারণে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে তাঁদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প এবং এ-সংক্রান্ত চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্পের প্রকৃত অবস্থা ও চুক্তির বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের বিষয়েও গুরুত্ব দেন সংসদ সদস্যরা।
এ ছাড়া গঙ্গা চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় সরকারের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পের কার্যক্রম ও জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও আলোচনা ও সন্দেহের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং তৈরি পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংসদ এবং রাজপথ—উভয় জায়গায় বিরোধী দল সক্রিয় থাকবে।
অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় বিভিন্ন গোষ্ঠী সেই সুযোগ কাজে লাগাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও গুপ্ত হামলার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এসব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।
মন্তব্য করুন