
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে গোলচত্বরের চারপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরের চারপাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এদিকে কচুক্ষেত পুলপাড়সংলগ্ন তামান্না কমপ্লেক্সের সামনে এবং আল নূর মসজিদের সামনেও পোশাকশ্রমিকদের জড়ো হতে দেখা গেছে। তবে সেখানে এখনো সড়ক অবরোধ করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকাতেও অবরোধের আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সড়ক অবরোধ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কেউ ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করলে শ্রমিকদের পক্ষ থেকে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।
আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন