
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত ২ জুলাই শুরু হওয়া লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় পরবর্তী সময়ে সেগুলো নেওয়া হয়। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহের পাশাপাশি শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং eduboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার নিয়ম, ফি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা পত্রিকা কার্যালয়ে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। ফল সংগ্রহের জন্য নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
মন্তব্য করুন