
শিক্ষকদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পরিবর্তন করেছে সরকার। উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে মামুন অর রশিদ-কে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষকরা গত সোমবার থেকে পদোন্নতি ও প্রশাসনিক জটিলতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়।
এরই মধ্যে বিদায়ী উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে দপ্তর চালুর চেষ্টা করেন, তবে কার্যক্রম স্বাভাবিক হয়নি।
নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া মামুন অর রশিদ পূর্বে একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। তবে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটেই এ পরিবর্তন এসেছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন উপাচার্য কবে দায়িত্ব গ্রহণ করবেন তা এখনো নিশ্চিত হয়নি। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন