
রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় মোঃ আকাশ (২২) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শহীদনগর এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ২-৩ জন অজ্ঞাত ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আকাশের বাম উরু ও বাম হাতের কব্জিতে আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়।
পরে আহতের চাচাতো ভাই তুষার খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
আহত আকাশ লালবাগ কেল্লার মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের দাবি, ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি।
মন্তব্য করুন