
নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তথ্য পান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়। তদন্তের একপর্যায়ে গত ৭ জুন রাতে সন্দেহভাজন হামেদুল ইসলামকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এর ভিত্তিতে ৮ জুন ভোররাতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন হামেদুল ইসলাম (৩৫) ও রশিদ (৪৪)। তারা উভয়েই তুলার বাঐল গ্রামের বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ট্রাক ও হায়েস মাইক্রোবাসে করে গাঁজা এনে ওই বাড়ির দোতলা মাটির ভবনে মজুদ রাখা হতো। ভবনটি দীর্ঘদিন ধরে মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এছাড়া গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, এই গুদাম থেকে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো। তদন্তে আরও কয়েকজন মাদক কারবারির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আগামী দিনগুলোতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।”
মন্তব্য করুন