
ফরিদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের একটি রেইডিং টিম কোতয়ালী থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত বোরকার নিচে শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক বেলায়েত হোসেন (ক-সার্কেল)-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন