
মঙ্গলবার (১ জুলাই ২০২৬) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোবাইল ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে সেগুলো হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নওগাঁ জেলা পুলিশের এ জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অনেকের ব্যক্তিগত ও প্রয়োজনীয় তথ্য মোবাইলে সংরক্ষিত থাকে। তাই হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারায় নওগাঁ জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জনসেবামূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন