
নওগাঁ জেলার পোরশা থানা পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনো গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের নিজ বাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা ও নজরুল ইসলামের স্ত্রী।
একই রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত দ্বিতীয় অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে অপর এক ব্যক্তির বসতবাড়ির সামনের জমি থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, অপরটির ৬ ফুট এবং বাকি দুটি গাছের উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫০ কেজি।
এ সময় অনিলকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকার সমরা নামের এক ব্যক্তির ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন