
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজহার আলী খান (৯২) ইন্তেকাল করেছেন।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দিয়ার গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আজহার আলী খান দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে চৌকিবাড়ি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। পৃথক শোকবার্তায় শোক জানিয়েছেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রোববার বাদ আসর পারিবারিক কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
মন্তব্য করুন