
কক্সবাজারের পেকুয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমদ। নামাজ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় সর্বসাধারণের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নামাজ পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সর্বসাধারণের উদ্দেশে বলেছেন—”আসুন, দেশের স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যাশা।”
এরপর মন্ত্রী উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠ সংস্কারের জন্য নির্দেশনা দেন।
তিনি বলেন, ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বর্তমানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক পর্যায়ে একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। তাই এ ধরনের অপরাধ মোকাবিলায় এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। কীভাবে এই সমস্যার বৈশ্বিক মোকাবিলা করা যায় সে লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে “গ্লোবাল সামিট অন ফ্রড” আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এ বিষয়ে সম্মিলিত কৌশল প্রণয়নের উদ্যোগ নেয়। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য এটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সব সময়। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা যেন আরও বৃদ্ধি পায় আমরা সে আহ্বান জানাই।
এরপর মন্ত্রী সকাল ১০টার দিকে সিকদারপাড়াস্থ মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এসময় মন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন