
চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন কর্ণফুলী নদীর চড়পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাম অয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুল্ক ফাঁকি দিয়ে পাচারকালে উদ্ধার করা এই ভোজ্যতেলের পরিমাণ প্রায় ১৫০০ লিটার।
কোস্টগার্ডের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা আউটপোস্টের একটি দল অভিযানে নামে। এসময় একটি জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে ঘাটে তোলার প্রস্তুতি চলছিল। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখেই দ্রুত পালিয়ে যায়।
জব্দকৃত এই ভোজ্যতেলের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা। কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান— ১৫০০ লিটার পাম অয়েল জব্দ করা হয়েছে এবং তেলের ড্রামগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
শুল্ক ও কর ফাঁকি দিয়ে পণ্য খালাস ঠেকাতে পতেঙ্গার বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন