
পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (২২ মার্চ) বিকেলে নিজবাড়ি কক্সবাজারের পেকুয়ায় ঈদ সফর শেষ করে ঢাকায় ফেরার পূর্বমূহুর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনার উচ্ছেদ করা স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখতে হবে এবং এটিকে সম্পূর্ণভাবে স্থাপনামুক্ত রাখতে হবে।
এর আগে কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। উচ্ছেদ অভিযানের পর, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ পুরো সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে কঠোর নজরদারি বজায় রাখার কথা বলেছিলেন, যাতে পরিবেশ ও পর্যটন সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে।
সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসন সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করে।
পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানালেও, সরকার জনস্বার্থ ও পরিবেশ রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী।
উচ্ছেদকৃত স্থানগুলোতে যেন পুনরায় অবৈধ দখল বা স্থাপনা তৈরি না হয়, সেজন্য ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।
মন্তব্য করুন