
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় নাম আসার পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (রাত) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন এবং প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এর আগে, ২০১৮ সালে টেকনাফে সংঘটিত একরামুল হক হত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। গত রোববার দাখিল করা ওই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় কক্সবাজার জেলা র্যাব-৭-এর কার্যক্রমের আওতাভুক্ত ছিল। অভিযোগপত্র দাখিলের একদিনের মধ্যেই তাঁকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি একরামুল হক। তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ওই দায়িত্বে ছিলেন।
এদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষিত প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাশাপাশি মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ তিনি বরিশাল সেনানিবাসে স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য করুন