
নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্ক এবং দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের পর দেওয়া দীর্ঘ বার্তায় তিনি বলেন, এটি ব্যক্তিগত সম্মান রক্ষার বিষয় ছিল না; বরং দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার দ্রুত তদন্তের নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার আয়োজন করে এবং ভবিষ্যতে কম্পিউটারভিত্তিক পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে। তার দাবি, সরকারের সমন্বিত উদ্যোগে পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী সুষ্ঠুভাবে অংশ নিতে পেরেছে।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় তিনি পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন এবং কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই কাজ করেছেন। তবে এই সময় কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, বিভ্রান্তিতে না জড়িয়ে পড়াশোনা ও নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হতে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী, সহকর্মী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মন্ত্রিত্ব ছাড়লেও দেশের সেবায় তিনি কাজ চালিয়ে যাবেন।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন