
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনার মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও আদর্শ এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে চেতনার বিকাশ ঘটেছিল, তা বাংলাদেশের রাজনীতিতে আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বক্তারা দিবসটির ঐতিহাসিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় পূর্বের ন্যায় আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা, শহর, সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন