
কুয়াকাটা সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।
শনিবার (৩০ মে) রাতে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহর বাড়ি পটুয়াখালীর মহিপুর থানায়। তার বাবার নাম শামীম ফরাজী।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাবা শামীম ফরাজীর সঙ্গে শিশু আব্দুল্লাহ কুয়াকাটা সৈকতে ঘুরতে আসে। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের প্রচণ্ড ভিড়ে হঠাৎ শিশুটি তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। সন্তানকে না পেয়ে বাবা দিশেহারা হয়ে চারদিকে খুঁজতে থাকেন। তাৎক্ষণিক তিনি জিরো পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে বিষয়টি অবগত করেন।
খবর পাওয়া মাত্রই ট্যুরিস্ট পুলিশের টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে সৈকতের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তাদের দ্রুত ও পেশাদার প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শিশু আব্দুল্লাহকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে কান্নায় ভেঙে পড়া বাবার কোলে সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত শামীম ফরাজী বলেন, ‘মুহূর্তের মধ্যে ছেলেকে হারিয়ে আমি সব অন্ধকার দেখছিলাম। ট্যুরিস্ট পুলিশ না থাকলে আজ হয়তো আমার ছেলেকে আর পেতাম না। তাদের এই দ্রুত সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
মন্তব্য করুন