
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান, সদস্য মির্জা সুমন এবং রাকিব।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় শহরের কোর্ট মসজিদ এলাকায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ ও গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানের দাবিতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই তিন নেতাকে আটক করায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় অনুমতি দেওয়া হয়নি। এরপরও তারা সেখানে জড়ো হলে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য করুন