
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি খাবার হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হোটেল পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগীদের পক্ষে আবু সাইফ নিহাদ এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার স্টেশন রোড এলাকার বিসমিল্লাহ খাবার হোটেলে ছয়জন মুরগির চাপ ও গ্রিল খেতে যান। খাবার খাওয়ার পর তাঁদের একজনের জন্য বাসায় নেওয়ার উদ্দেশ্যে পার্সেলও করা হয়। এরপর থেকেই তাঁদের পেটে ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।
পরবর্তী সময়ে অসুস্থতা বেড়ে গেলে তাঁরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। অভিযোগে উল্লেখ করা হয়, প্রাথমিক চিকিৎসার পর দুজন কিছুটা সুস্থ হলেও পাঁচজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
হোটেলের খাবার খাওয়ার পর এমন অসুস্থতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় হোটেল পরিচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়ে তাঁরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মন্তব্য করুন