
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর নির্ধারণ এবং সরকারি চাকরি ছাড়া অন্যান্য বেসরকারি ও বিশেষায়িত প্রতিষ্ঠানে আবেদনের বয়সসীমা সম্পূর্ণ উন্মুক্ত করার দাবিতে রাজধানীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আন্দোলনের সমন্বয়ক রোমান কবির, মামুনুর রশীদ রতন ও সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
প্রথমত: সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ন্যূনতম ৪০ বছর নির্ধারণ করতে হবে। পাশাপাশি সরকারি চাকরি ছাড়া অন্যান্য বেসরকারি ও বিশেষায়িত প্রতিষ্ঠান, যেমন—এনটিআরসিএ, প্রাইভেট প্রতিষ্ঠান, বিশেষায়িত ব্যাংক, এনজিও, প্রকল্প, গবেষণা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের বয়সসীমা সম্পূর্ণ উন্মুক্ত করতে হবে।
দ্বিতীয়ত: সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরসহ চূড়ান্ত নিয়োগের ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
তৃতীয়ত: প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়স বৃদ্ধি আন্দোলন’-এর আহ্বানে আয়োজিত এ সমাবেশ থেকে চাকরিপ্রত্যাশীদের বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা এবং মেধার যথাযথ মূল্যায়নের বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।
মন্তব্য করুন