
সরকারি কোনো অনুষ্ঠানে প্রকাশিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করা নিশ্চিত করতে হবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুষ্পষ্টভাবে প্রতিফলিত হয়। এসব প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো আঙ্গিকে তাঁর ছবি ব্যবহার করা যাবে না।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।
পরিপত্রে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন