
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন , ১৯৭১ সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে আঁতাত করে প্রধানমন্ত্রী হতে না চাইতেন তাহলে আজ ২৫ মার্চ কালো রাত্রি বা গণহত্যা হতো না। আর গণহত্যা না হলে ব্যানারটিও এভাবে থাকত না।
তিনি আরও বলেন, একাত্তর সালে আলোচনার নামে ষড়যন্ত্র হয়েছে। পূর্ব পাকিস্তানের মানুষের উপর ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়ল। সাধারন মানুষ, রাজারবাগের পুলিশ, বুদ্ধিজীবি, সাংবাদিক, রাজনীতিবিদ স্বাধীনতার কথা যারা বলেছেন তাদের পর বর্বরভাবে ঝাঁপিয়ে পড়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে জয়নুল আবদিন ফারুকের নিজ বাড়ি এমপি ভিলাতে ২৫ মার্চ ঘৃন্যতম গণহত্যা দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। সভা পরিচালনা করেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার।
এসময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্যাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, উপজেলার বীজবাগ ইউনিয়ন চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানি, বীজবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের কোম্পানি, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন