
রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে গুণগত মানসনদ না নিয়েই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নগরীর বালিয়াপুকুর এলাকায় অবস্থিত ফিউচার মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ গ্রহণ না করেই অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন