
রাজধানীর মিরপুর-১০ এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে মিরপুর-১০-এর সেনপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন।
পরে মিরপুর-১০ এলাকায় বিআরটিএ কার্যালয়ের সামনে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ শ্রমিকের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১৩ বড় মসজিদের গলি থেকে কয়েকজন আন্দোলনকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে সড়কটি চলাচলের উপযোগী করে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের একটি অংশ বিভিন্ন গলিতে অবস্থান করছেন।
মন্তব্য করুন