
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর শুভ জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় মিরপুর ১৩ নম্বর এলাকার একটি মন্দির থেকে র্যালিটি শুরু হয়ে মিরপুর মডেল থানাধীন কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র্যালিতে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সমীর দাস এবং সাধারণ সম্পাদক হরিপদ দাস দোলন।
আয়োজক সূত্রে জানা গেছে, শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন