
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৯০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির।
যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপের কর্ণধার এবং বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। এ সময় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, তিনটি শ্রেণিভিত্তিক ক্যাটাগরিতে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীকে দুই হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেড় হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে এক হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া সাধারণ বৃত্তি হিসেবে সাতজনকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পেয়েছে স্কুলব্যাগ, মেডেল ও সনদপত্র। বাকি ৬০ জন পরীক্ষার্থীকেও স্কুলব্যাগ, মেডেল ও সনদ দেওয়া হয়েছে। পাশাপাশি সেরা শিক্ষার্থীকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক এরফানুল কবির বলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃত্তির সব ব্যয় বহন করেছে সাগর গ্রুপ ও সাগর ফাউন্ডেশন। অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা শুভেচ্ছা ফি নেওয়া হলেও সেই অর্থও ছয়টি বিদ্যালয়ের ছয়জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পাশের ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষক ও খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আয়োজনের যাবতীয় ব্যয়, পুরস্কার, সম্মানী ও অতিথিদের আপ্যায়নের দায়িত্বও বহন করেছে সাগর ফাউন্ডেশন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগরের গ্রামের বাড়ি ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকায়। প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের কল্যাণে তিনি বিভিন্ন সময় শিক্ষা ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।
প্রধান পৃষ্ঠপোষক শাহাব উদ্দিন সাগর বলেন, এক যুগের বেশি সময় ধরে প্রবাসে থাকলেও জন্মভূমির সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। গ্রামের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থেকেই এ বৃত্তি কার্যক্রম শুরু করেছেন। প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে আয়োজন করা হলেও আগামী বছর পুরো মাতামুহুরী উপজেলায় এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধারাবাহিকতা বজায় থাকলে সাগর ফাউন্ডেশনের এ আয়োজন এলাকার শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় উদ্যোগ হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন