
রাজধানীর হাতিরঝিলে বিটিভি-রামপুরা ব্রিজের ইউলুপের ওপর থেকে ইসলাম টাওয়ারের নিচের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণে পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারের দরজার ওপরের রং পুড়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন ইসলাম টাওয়ারের নিচের সড়কে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা বিটিভি-হাতিরঝিল-রামপুরা ব্রিজের ইউলুপের ওপর থেকে ইসলাম টাওয়ারের নিচে সড়ক লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এর মধ্যে একটি ককটেল ইসলাম টাওয়ারের গেটের সামনে, রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশের মুখে বিস্ফোরিত হয়। অপর ককটেলটি ইসলাম টাওয়ারের পাশে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারের ওপর বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে গাড়িটির নম্বর জানা যায়নি।
বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে প্রাইভেটকারটির দরজার ওপরের অংশের রং জ্বলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করে। পরে বিস্ফোরণের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন