
বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা হাতে মহড়া দেওয়ার ঘটনায় আত্মগোপনে থাকা এক প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে মহড়ায় ব্যবহৃত ২৭ ইঞ্চি লম্বা একটি দেশীয় ধারালো ছোরা।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার আগেই সমিতির কার্যালয়ের সামনে সাংগঠনিক পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রনি (৪০), সদস্য লাইসেন্স নম্বর-৪৬৩, একটি বড় ধারালো ছোরা হাতে প্রকাশ্যে মহড়া দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে অভিযুক্ত রনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।
পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় তার বড় স্ত্রীর বাবার বাড়ি থেকে মাসুদ পারভেজ রনিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে বগুড়া সদর উপজেলার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকা থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া একটি লোহার তৈরি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটির দৈর্ঘ্য ২৭ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ পারভেজ রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন