
শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধের আহ্বানের মধ্য দিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাপ্তাহিক প্রচার কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও বিশৃঙ্খলার কোনো স্থান নেই। ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন