
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর সিপিএসসি বগুড়া।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমানমোড় এলাকায় করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করছেন বলে তথ্য পায় সিপিএসসি বগুড়া। পরে এসআরবি-১২ অধিনায়কের নির্দেশনায় একটি আভিযানিক দল মাটিডালী বিমানমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালায়।
এ সময় মো. ফরহাদ হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। আটক ফরহাদ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে এসআরবি।
মন্তব্য করুন