
বগুড়ায় মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) দুটি মোটরসাইকেল দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়।
চেম্বার নেতারা জানান, মাদক নিয়ন্ত্রণে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নতুন মোটরসাইকেল দুটি ডিএনসির কর্মকর্তাদের মাঠপর্যায়ে দ্রুত চলাচল, নজরদারি এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনায় সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান, চেম্বারের সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুসহ ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত পরিবেশ তৈরিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মন্তব্য করুন