
বগুড়ার দুটি উপজেলায় মহাসড়ক ও গ্রামীণ সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুইজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্বজনহারা পরিবারে চলছে শোকের মাতম। হাসপাতাল করিডোরেও কান্না আহাজারি দেখা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কাহালু উপজেলার পাঞ্জুয়াপাড়া এলাকার সড়কে বালুবাহী ট্রাক চাপায় দুই ইউপি সদস্য নিহত হন। এরআগে, ভোরে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী ও কাহালু থানার এসআই নুর ইসলাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ময়নাতদন্ত ছাড়াই ইউপি সদস্যদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক হতাহতের তথ্য পাওয়া যায়নি।
কাহালু উপজেলায় নিহতরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ (৭০)। তিনি রামপুর ভাটহালী গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) দক্ষিণপাড়া গ্রামের নিয়ামত উল্লাহ প্রামাণিকের ছেলে। নন্দীগ্রাম উপজেলায় নিহত ওবায়দুল ইসলাম (৩০) ট্রাক চালক। তিনি যশোরের কেশবপুর পরচক্রা গ্রামের আজিবর আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাজার এলাকায় বেপরোয়া গতির দুই ট্রাকের সংঘর্ষ ঘটে। রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাকের পেছনে আরেকটি বালুভর্তি ট্রাক ধাক্কা দেয়। একটি ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে চালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামের দরগাহাট-নুনগোলা সড়কে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন দুই ইউপি সদস্য। পেছন থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আব্দুল মকিম নামের আরও একজন আহত হয়েছেন। তিনি কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মন্তব্য করুন