
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নতুন মোকামতলা থানা এবং মোকামতলা পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপন করা হবে। পাশাপাশি একই উপজেলার অধীনে ‘মোকামতলা’ নামে নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজা থেকে সরিয়ে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন