
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাট এলাকার মো. সজল প্রামাণিক (২৮) ও মো. নাজমুল প্রামাণিক (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. সজল প্রামাণিক ও মো. নাজমুল প্রামাণিককে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে সজল প্রামাণিকের পরিহিত ফুলপ্যান্টের ডান পকেট থেকে ৮ পিস এবং নাজমুল প্রামাণিকের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে গ্রেপ্তার দুইজনকে ধুনট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তার দুইজনকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন