
দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মি. নির্মল, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তারা রাষ্ট্র, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন