
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার আবদুল জলিলের ছেলে সাগর প্রকাশ গালকাটা সাগর (৩৫), একই ইউনিয়নের পূর্ব পুকুরিয়া পাড়া এলাকার জাগের হোসেনের ছেলে মামুনুর রশিদ জাহেদ (৩৫) এবং চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর আমান পাড়া এলাকার কায়কোবাদের ছেলে সেলিম উদ্দিন প্রকাশ সেলিম (৪১)।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক তদন্ত ও অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চকরিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্য সহযোগী, অপরাধ সংঘটনের পরিকল্পনা, ব্যবহৃত কৌশল এবং অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন